NE UpdatesHappeningsBreaking News
কার্বি আংলঙে ভেঙে পড়ল যুদ্ধবিমান, হত ২ পাইলট

ওয়েটুবরাক, ৬ মার্চ: দুজন পাইলটকে নিয়ে কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় যুদ্ধবিমান। বিমানবাহিনী জানিয়েছে, সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি যোরহাট বিমানঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। ৭টা ৪২ মিনিট নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। এর পরেই রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমানবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, সুখোইটি যোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে আসামের কাৰ্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।
যুদ্ধবিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী।
আগেও ২০১৭ সালে তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।



