Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে বন্যা বিপর্যয়ের মধ্যেই স্বাস্থ্য বিভাগের চিকিৎসা পরিষেবা

ওয়েটুবরাক, ৭ জুন : কাছাড় জেলার বহু ত্রাণ শিবিরে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, প্যারা-মেডিকেল ও স্বাস্থ্যকর্মীদের দল। তারা দিনরাত এক করে কাজ করে চলেছেন বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে। ত্রাণ কেন্দ্রগুলিতে মা ও শিশুর নিরাপত্তায় বিশেষ নজর দিয়ে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপন সহ, স্বাস্থ্যশিক্ষা ও পুষ্টির পরামর্শেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাঁরা। সবকিছুই বাস্তবায়িত হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, জেলা দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থাপনার নোডাল অফিসার ডাঃ রোহন বিশ্বাস, এনএইচএম-এর ডিপিএম রাহুল ঘোষ এবং তাঁদের নিবেদিত টিম—সজল দেব, হাবুল বর্মন, পিনাকপাণি রায়, হেমাঙ্গ বরা, পিয়ালী চক্রবর্তী, পার্থ রায় ও মৃগাঙ্ক পালের ঐকান্তিক প্রচেষ্টায়।
প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা শিবিরে আসছেন। জেলায় গত ১ থেকে ৬ জুন পর্যন্ত মোট ৪৮৭টি শিবিরে ৭,২৬৯ জন মানুষ চিকিৎসা পেয়েছেন। সেখানে ওআরএস, প্যারাসিটামল, সংক্রমণ ও চর্মরোগের ওষুধ, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ বিতরণ অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মন্ত্রী কৌশিক রায় প্রত্যন্ত ত্রাণ কেন্দ্রগুলোতে গিয়ে নিজে চিকিৎসা ও ত্রাণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন। তাঁর কথায়, “প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছানোই আমাদের প্রধান কাজ। চিকিৎসা ও সেবার একটিও অভাব যেন না থাকে।”
জেলাশাসক মৃদুল যাদব স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, “পরিস্থিতি যতই কঠিন হোক, মানুষের সুরক্ষা ও স্বাস্থ্যের প্রশ্নে কোনও আপস নয়। স্বাস্থ্য, খাদ্য, আশ্রয়—সব জায়গাতেই তাৎক্ষণিক সাড়া আমাদের অঙ্গীকার।”
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



