Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ২২ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন দুপুরে বিভাগীয় সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। থিম ছিল : প্রকৃতির সঙ্গে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন। এতে শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদ এবং কর্মীরা অংশ নেন। আয়োজিত হয় বক্তৃতা ও মতবিনিময় অনুষ্ঠান। সেইসঙ্গে জীববৈচিত্র্য বিষয়ক পোস্টার ও আলোকচিত্র প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। তিনি জীববৈচিত্র্যের গুরুত্ব ও এর সংরক্ষণের ওপর আলোকপাত করেন। বিভাগীয় অধ্যাপক জয়শ্রী রাউত জীববৈচিত্র্যের গুরুত্ব ও এর সংরক্ষণের উপায় সম্পর্কে বক্তব্য রাখেন। অধ্যাপক অজিত কুমার দাস অর্কিড সংরক্ষণের বিশেষ উল্লেখ করে জীববৈচিত্র্যের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি বৈজ্ঞানিক শিল্প গবেষণা সংস্থা তথা গুয়াহাটি ভিত্তিক শীর্ষস্থানীয় বন্যপ্রাণী বিষয়ক এনজিও, আরণ্যকের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিভব কুমার তালুকদার জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বক্তব্য পেশ করেন। তিনি জীববৈচিত্র্যের বিভিন্ন দিক যেমন কৃষি জীববৈচিত্র্য, মাটির অণুজীব, আক্রমণাত্মক উদ্ভিদের হুমকি এবং গণ্ডার সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের গবেষক অবন্তিকা প্রধান। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ডঃ পান্না দেব। পোস্টার এবং আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার প্রদানের জন্য একটি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন।



