India & World UpdatesHappeningsBreaking News
আক্রমণ নয়, ভারত-পাক বৈঠকে সিদ্ধান্ত
ওয়েটুবরাক, ১২ মে : কেউই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না! এই প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য হল ভারত এবং পাকিস্তানের ‘ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)’-দের বৈঠকে। পাশাপাশি, সেই বৈঠকে উঠে এসেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়টিও।
যুদ্ধবিরতি ঘোষণার পর সোমবারই প্রথম ডিজিএমও স্তরে বৈঠক হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে এ দিন।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেই বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমও-দের মধ্যে। আক্রমণাত্মক পথে না হাঁটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা হ্রাস নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।



