Barak UpdatesAnalyticsBreaking News
সকালে মূর্তিতে মাল্যদান-সন্ধ্যায় শ্রদ্ধাঞ্জলি, শিলচরে কিশোর স্মরণ প্রস্তুতি ফ্যান্স ক্লাবের

ওয়ে টু বরাক, ২৫ জুলাই : কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী এ বারও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে শিলচরের কিশোর কুমার ফ্যান্স ক্লাব। আগামী ৪ আগস্ট অমর শিল্পীর ৯৬তম জন্মদিন। এ দিনই সকাল থেকে ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠান থাকবে। সকাল ৮টায় শিলচর সার্কিট হাউস রোডে থাকা কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এই স্থানেই এরপর থাকবে সমবেত সঙ্গীত ও সংক্ষিপ্ত আলোচনা।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সন্ধে ৬টা থেকে। গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে ওই সময় বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এর সহযোগিতায় থাকবে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব। ফ্যান্স ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও সম্পাদক সুজিত কুমার দাস এক আমন্ত্রণ প্রকাশ করে এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।



