Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নতুন প্রেসিডেন্ট-জিএস রাজকিংকর-কৌশিক

ওয়েটুবরাক, ১০ নভেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের জন্য সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতেই গণনা সেরে ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কর্তৃপক্ষ। রাজকিংকর চক্রবর্তী নতুন ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জিতেছেন কৌশিক দাশগুপ্ত। জংসেত বসুমাতারি নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে। সহ-সম্পাদক (ছাত্রী) পদে বিজয়ী হয়েছেন মীমাংসা কৈরি, সহ-সম্পাদক (ছাত্র) পদে অর্পণ চক্রবর্তী। সাংস্কৃতিক সম্পাদক আমন শাহ। ম্যাগাজিন সমপাদক অরূপ দাস। ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সমর কান্ত।

রাতে ফলাফল প্রকাশের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, মোট ছয়টি আসনের জন্য প্রতিদ্বন্দ্ধিতা হয়েছে। সবকটিতেই বিদ্যার্থী পরিষদ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আলফার সমর্থনে সভাপতি পদপ্রার্থী সৌরভ মুদইয়ের একটি পুরনো ফেসবুক পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটের সকালে এ নিয়েই চর্চা হয়। সৌরভ ১৩১২টি ভোট পেয়েছেন। রাজকিংকর চক্রবর্তী পান ১৫৪৪। ২৩২ ভোটের ব্যবধানে সৌরভকে পরাস্ত করেন রাজকিংকর। সাধারণ সম্পাদক পদে আনিসুল আলি আহমেদ ও কৌশিক দাশগুপ্তের মধ্যে সরাসরি প্রতিদ্বন্ধিতা হয়। এই পদে দুইজনের প্রাপ্ত ভোট ক্রমে ১২১৭ ও ১৬২৮। ৪১১ ভোটে জেতেন কৌশিক। এ ছাড়াও প্রতিদ্বন্ধিতা হয় সহসম্পাদক (ছাত্র), সহসম্পাদক (ছাত্রী), ম্যাগাজিন সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে। বাকি পদগুলিতে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে।


