Barak UpdatesAnalyticsBreaking News

রাধামাধব কলেজে বরাক উপত্যকার লোকসংস্কৃতি ও লোকসাহিত্য নিয়ে আলোচনা চক্র

ওয়ে টু বরাক, ১৪ অক্টোবর : বরাক উপত্যকার সমৃদ্ধ লোকঐতিহ্য, বৈচিত্র্যময় লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের অমূল্য ভাণ্ডারকে অনুধাবন, সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাধামাধব কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বুধবার এক বিশেষ বিভাগীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়।আলোচনা চক্রের বিষয় ছিল ‘বরাক উপত্যকার লোকসংস্কৃতি ও লোকসাহিত্য’।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরের বাংলা বিভাগের অধ্যাপকদ্বয় যথাক্রমে রমাকান্ত দাস এবং বরুণজ্যোতি চৌধুরী। তাঁদের উপস্থিতি ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

আলোচনা চক্রে বরাক উপত্যকার লোকজীবন, লোকাচার, লোকবিশ্বাস, লোকগাথা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। লোকসংস্কৃতি ও লোকসাহিত্য যে কোনও অঞ্চলের সামাজিক জীবন, ইতিহাস, মানুষের বিশ্বাস, মূল্যবোধ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ ধারক, সেই বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বরাক উপত্যকার লোকসাহিত্য ও লোকসংস্কৃতির বৈচিত্র্যকে যথাযথভাবে চর্চা ও সংরক্ষণ করার ক্ষেত্রে এ ধরনের আলোচনা চক্রের গুরুত্ব অপরিসীম। আধুনিকতার প্রভাবে লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপাদান ক্রমশ বিস্মৃতির পথে চলে যাওয়ার আশঙ্কার মধ্যে সেগুলির সংগ্রহ, গবেষণা ও চর্চার মাধ্যমে সাংস্কৃতিক উত্তরাধিকারকে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তাও এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে প্রতিফলিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যচর্চার পাশাপাশি আঞ্চলিক ইতিহাস, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং নিজস্ব শিকড়ের সঙ্গে তাঁদের পরিচিত করে তোলার ক্ষেত্রেও এই আলোচনা চক্র তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

রাধামাধব কলেজের বাংলা বিভাগের এই উদ্যোগ বরাক উপত্যকার সমৃদ্ধ লোকঐতিহ্য সম্পর্কে জ্ঞানচর্চা ও গবেষণার পরিসরকে আরও প্রসারিত করার পাশাপাশি আঞ্চলিক সংস্কৃতির সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কালীপদ দাস । গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সূর্যসেন দেব। উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অতিথি অধ্যাপক ড. সুমিতা বোস ও মৌসুমী দে সহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker