Barak UpdatesHappeningsCultureBreaking News
শনিবার বঙ্গভবনে ভাবীকালের নাটক ‘বাকি ইতিহাস’

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি: শিলচরের বিশিষ্ট নাট্য সংস্থা ভাবীকাল থিয়েটার গ্রুপ আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার বঙ্গ ভবন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করতে চলেছে বাদল সরকারের পূর্ণাঙ্গ নাটক ‘বাকি ইতিহাস’। বাদল সরকারের জন্মশতবর্ষে কিংবদন্তি নাট্যকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই এই প্রযোজনায় হাত দিয়েছে ভাবীকাল। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের ‘এ মাসের নাটক’ শীর্ষক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটি মঞ্চস্থ হবে। গত শতকের ষাটের দশকে লেখা অ্যাবসার্ডধর্মী এই নাটক যেমন বাস্তব আর অধিবাস্তবকে এক সুতোয় গেঁথেছে, তেমনি বিশ্বযুদ্ধোত্তর মধ্যবিত্ত অস্তিত্বের নিঃসঙ্গতা আর শূন্যতার বোধকে তুলে ধরেছে অস্তিত্ববাদের দার্শনিক অবস্থান থেকে। একটি বিশেষ সময়ের শ্রেণিগত হতাশা আর তার সাহিত্যিক অভিব্যক্তির বিশ্বব্যাপী একটি প্রবণতার স্বাক্ষর রয়েছে নাটকটিতে। বাংলা নাটকে এই ধারাটির প্রথম সার্থক স্রষ্টা বাদল সরকার। একটি আত্মহত্যার সংবাদ বেরোয় খবরের কাগজে, এর অনুমিত কারণের ওপর গড়ে ওঠে দুটি স্বতন্ত্র আখ্যান, আর শেষে আত্মহনকারী এসে জানায় তার ক্লান্তিকর অর্থহীনতা আর বিযুক্তির কথা। অথচ অদ্ভুতভাবেই নাটকে উঠে আসে দুঃশাসনের রক্তপান থেকে জোয়ান অফ আর্ক এর হত্যা কিংবা হিরোসীমা আর ভিয়েতনামে যুদ্ধবাজ সভ্যতার বর্বরতার চিত্রমালা। প্রথাসিদ্ধ পূর্ণাঙ্গ নাটকের নাট্যিক বিন্যাস এ নাটকে নেই, তবুও নির্দেশক শান্তনু পাল এটি মঞ্চায়নের প্রত্যাহ্বান গ্রহণ করেছেন। ঠিক এক মাস আগে এর পোস্টার রিলিজ করা হয়েছে। এক প্রেস বার্তায় শিলচর তথা বরাক উপত্যকার নাট্যামোদী দর্শকদের নাটকটি দেখবার জন্য আবেদন জানিয়েছেন ভাবীকালের সভাপতি রঞ্জন দাস।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির তরফেও শনিবার সন্ধ্যায় ভাবীকালের ‘বাকি ইতিহাস’ দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।



