NE UpdatesAnalyticsBreaking News
হিমন্তবিশ্ব সরকারের ৪ বছর পূর্তি, শান্তি, সমন্বয় ও বিকাশের কার্যকাল আখ্যা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১১ মে : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের চতুর্থ বর্ষপূর্তি সম্পূর্ণ হলো ১০ মে। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বর্ষপূর্তি উদযাপন করার বিপরীতে মুখ্যমন্ত্রী গতকাল দিসপুরের লোকসভা ভবনে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপি মিত্রজোট সরকারের চার বছরের কার্যকালকে শান্তি, সমন্বয় ও বিকাশের কার্যকাল হিসেবে আখ্যা দেন।
বিগত চার বছর রাজ্যে হওয়া উন্নয়ন সম্পর্কিত নানা তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, অসম ভারতের এক অগ্রণী রাজ্য হিসেবে পরিগণিত হতে চলেছে। গত চার বছরে রাজ্যে এক বিশাল পরিবর্তন হয়েছে। কল্পনার বাইরে গিয়ে রাজ্যে শান্তির পরিবেশ ফিরে এসেছে। সব জাতি জনগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা এ ধরনের সমন্বয় আগে দেখা যায়নি। রাজ্যের জিডিপি ৭.৫ লক্ষ কোটি টাকা স্পর্শ করেছে। খুব কম দিনের মধ্যেই রাজ্যের জিডিপি মিলিয়নের ঘর স্পর্শ করবে।
মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ প্রশাসনের মধ্য দিয়ে আমরা গত চার বছর অতিক্রম করেছি। শান্তি, সমন্বয় ও বিকাশের দুরন্ত গতিতে অসমকে দেশের অগ্রণী রাজ্যের তালিকায় আমরা নিয়ে যেতে পেরেছি। তিনি বলেন, আমরা গত চার বছর সততার সঙ্গে কাজ করেছি। আগামী বছর সহ আরও কয়েক বছর আমরা জনগণের সেবা করে যেতে চাই।
মুখ্যমন্ত্রী বলেন, এ বছর কেন্দ্রের কাছ থেকে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য এক লক্ষ কোটি টাকা অনুমোদন লাভ করবে। থার্মাল পাওয়ার প্রকল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য রাজ্যের উন্নয়ন নিয়ে বেশি কথা বলতে চাননি মুখ্যমন্ত্রী। এ দিনের সাংবাদিক বৈঠকে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত ছিলেন।



