Barak UpdatesAnalyticsBreaking News
শুক্রবার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়, থিওরি ছাড়া শুধু প্র্যাক্টিক্যাল পরীক্ষা গ্রহণের অনুমতি

ওয়ে টু বরাক, ৫ জুন: সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার থেকে যথারীতি খোলা থাকছে আসাম বিশ্ববিদ্যালয়। তবে এদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও কোনও ধরনের ক্লাস কিংবা থিওরি পরীক্ষা গ্রহণ করা যাবে না। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ এ খবর জানিয়ে বলেছেন, এদিন শুধু প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও পিএইচডি’র মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে। তাও ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট অন্যদের সুবিধাজনক অবস্থায় এই পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
কোনও পরীক্ষার্থীকে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য বাধ্য করা যাবে না। যদি বর্তমান বন্যার কারণে কোনও পরীক্ষার্থী প্র্যাক্টিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট বিভাগকে সেইসব পরীক্ষার্থীর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উপাচার্যের অনুমোদন ক্রমে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক ড সুপ্রবীর দত্তরায় পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন কলেজে শরণার্থীরা আশ্রয় নেওয়ায় ৬ জুনের প্রস্তাবিত এলএলবি পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। বিবৃতিতে এও জানানো হয়েছে যে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৯ জুনের বিএড ও এলএলবি পরীক্ষা যথারীতি আয়োজিত হবে। এছাড়াও বিএড চতুর্থ সেমিস্টারের প্র্যাক্টিক্যাল পরীক্ষা আগামী ১৫ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এরজন্য সংশ্লিষ্ট পড়ুয়াদের নিজ নিজ কলেজের অধ্যক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে।



