NE UpdatesAnalyticsBreaking News
শনিবার সন্ধ্যায় জুবিনের মরদেহ রাজ্যে আসার সম্ভাবনা

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর : অসংখ্য ভক্তকে কাঁদিয়ে সিঙ্গাপুরে সমুদ্রের মাঝে মৃত্যু হলো সঙ্গীতের জাদুকর জুবিন গার্গের। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার বিকেলে অসমে পৌঁছবে জুবিন গার্গের দেহ। এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনার শিল্পক আম্বুলে-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে শিল্পীর দেহ দ্রুত অসমে ফিরিয়ে আনা যায়। ভারতীয় হাই কমিশন ইতিমধ্যে সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং ময়নাতদন্তের ওপর নির্ভর করবে জুবিন গার্গের দেহ অসমে কখন পৌঁছবে।
“যদি ময়নাতদন্তের প্রয়োজন হয়, তাহলে জুবিনের মরদেহ সম্ভবত শনিবার সন্ধ্যায় অসমে পৌঁছাবে,” জানান মুখ্যমন্ত্রী। এরপর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সরুসজাই-এ রাখা হবে।
শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি সিঙ্গাপুরে থাকা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তারা খোঁজ নিচ্ছেন—পোস্টমর্টেম লাগবে কি না। যদি প্রয়োজন হয়, আজই তা সম্পন্ন করা হবে। এরপর শনিবার সন্ধ্যার মধ্যেই আমরা জুবিন গার্গকে ফিরিয়ে আনতে পারব।”
‘এক্স’-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে লিখেছেন, “আমরা জুবিনের মরদেহ যত দ্রুত সম্ভব অসমে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করছি। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপডেট শেয়ার করব।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী দিসপুরে মন্ত্রিসভা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জুবিন গার্গের মৃত্যু, শেষযাত্রা এবং সৎকারের আয়োজন নিয়ে। অসম সরকারি উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সহ সব আনুষ্ঠানিকতা শেষ হলে শনিবার সন্ধ্যার মধ্যে জুবিন গার্গের মরদেহ জন্মভূমি অসমে পৌঁছাবে। প্রথমে দেহটি দিল্লি অথবা কলকাতায় বিমানে আনা হতে পারে। এরপর সেখান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইট অথবা এয়ার অ্যাম্বুলেন্সে অসমে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।



