NE UpdatesAnalyticsBreaking News
ব্লাইন্ড ক্রিকেটার সিমু দাসকে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটে

গুয়াহাটি, ১৯ ডিসেম্বর : ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দলের হয়ে অংশগ্রহণ করে বিশ্বকাপ জয়ী সিমু দাসকে যুবকল্যাণ সঞ্চালকালয়ে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সভাপতিত্বে বৃহস্পতিবার দিসপুরের লোকসেবা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিনের ক্যাবিনেটে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলি জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জয়ী সিমু দাসকে যুবকল্যাণ সঞ্চালকালয়ে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এছাড়া ক্যাবিনেটে বড়োল্যান্ডের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া চা-বাগানের লেবার লাইনের জমি শ্রমিকদের দেওয়ার জন্য আসাম ল্যান্ড সিলিং অ্যাক্ট বিধানসভায় অনুমোদিত হওয়ার পর রাজ্যপাল সম্মতি দিয়েছেন। এই আইন কার্যকর করার জন্য প্রয়োজনীয় নিয়ম প্রস্তুত করা হবে। সেই উদ্দেশ্যে ক্যাবিনেটে ‘অ্যামেন্ডমেন্ট অফ দ্য আসাম ফিক্সেশন অফ সিলিং অফ ল্যান্ড হোল্ডিংস রুলস, ১৯৫৭’-এর অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৮(এ) ও ১৮(বি) বিধি সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে জেলা আয়ুক্তদের সিলিংয়ের আওতায় আসা জমি সরকারের কাছে হস্তান্তর করে পরবর্তীতে শ্রমিকদের মধ্যে বণ্টনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা আয়ুক্তরা আরও সক্রিয় ভূমিকা নিতে পারবেন।”
ক্যাবিনেটের অন্যান্য সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ধেমাজি জেলার কারেং চাপরিতে সিআরপিএফ একটি নতুন গ্রুপ সেন্টার স্থাপন করতে চায়। খানাপাড়ার মতো ধেমাজিতে সিআরপিএফ গ্রুপ সেন্টার খোলার জন্য ক্যাবিনেট ৬০৭ বিঘা জমি বরাদ্দ করেছে। পাশাপাশি মিশন বসুন্ধরার মাধ্যমে লখিমপুর, কামরূপ, বরপেটা, গোয়ালপাড়া, ধুবড়ি ও দরং জেলায় মোট ২২৪টি ও ৮৪টি পরিবারকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নামরূপ সফরে এসে আসাম ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশনের অ্যামোনিয়া ও ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই উদ্দেশ্যে নতুন কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের অনুমোদন ক্যাবিনেটে দেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় প্রায় ২,০০০ কোটি টাকা এবং প্রকল্পটি সম্পন্ন হতে তিন থেকে চার বছর সময় লাগবে।”
এ দিকে গরিমা শইকিয়া গার্গকে বিজেপি টিকিট দেবে— এমন প্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “গরিমা শইকিয়া গার্গকে নিয়ে কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। তাঁকে নির্বাচনে দাঁড় করানো হবে— এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। গরিমা গার্গের সঙ্গে রাজনৈতিক আলোচনা করাও অনুচিত।”



