NE UpdatesAnalyticsBreaking News
পঞ্চায়েতে সভাপতি-উপসভাপতি নির্বাচন কবে, জানালেন মন্ত্রী রঞ্জিত

গুয়াহাটি, ১৬ মে : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গত ১১ মে ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে শাসক বিজেপি এ বারও বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। পঞ্চায়েতের ফলাফল ঘোষণার পর এ বার শুরু হচ্ছে দায়িত্ব গ্রহণের পালা। কবে শপথ গ্রহণ করবেন গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের সভাপতি ও উপ-সভাপতিরা— শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হওয়ার পর সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস।
মন্ত্রী জানান, ২১ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে গাঁও পঞ্চায়েতের সভাপতি ও উপসভাপতিরা শপথ গ্রহণ করবেন। এরপর ১১ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি উপ-সভাপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সবশেষে ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে জেলা পরিষদের সভাপতি ও উপ-সভাপতির নির্বাচন।
মন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের আগে সংশ্লিষ্ট জেলাশাসকরা বিজ্ঞপ্তি জারি করবেন। এরপর সূচি অনুযায়ী, পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন। এরপরই সভাপতি ও উপ-সভাপতি নির্বাচন করা হবে। এই নির্বাচন প্রক্রিয়ার জন্য জেলাশাসকরা আধিকারিকও নিয়োগ করবেন। মন্ত্রী জানান, ১ আগস্ট থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা কাজ শুরু করতে পারবেন।



