Barak UpdatesCulture

নৃত্যাঞ্জলির ভরতনাট্যম কর্মশালা শুরু

ওয়ে টু বরাক, ১৬ অক্টোবর : শুরু হল ভরতনাট্যমের ওপর নৃত্যাঞ্জলির উদ্যোগে নৃত্যগুরু প্রতাপ সরকারের পরিচালনায় নাচের কর্মশালা। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে এক ছিমছাম আয়োজনের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর। তাঁর সঙ্গে ছিলেন আয়োজক নৃত্যাঞ্জলির সভাপতি আইনজীবী রজত ঘোষ, সম্পাদিকা সোনালি দে, প্রতিষ্ঠানের শিক্ষিকা গায়ত্রী দেব ও প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক সন্তোষ চন্দ।

শিলচর বঙ্গভবনের ত্রিতলে শুরুতেই মুখ্য অতিথিকে উত্তরীয় ও উপহার দিয়ে বরণ করে নেন নৃত্যাঞ্জলির কর্মকর্তারা। সংক্ষিপ্ত ভাষণে মুখ্য অতিথি সঞ্জীব দেবলস্কর এরকম আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করেন। এ নিয়ে বাংলা সংস্কৃতিতে নৃত্যশিল্পে রবীন্দ্রনাথ এবং তাঁর গড়া শান্তিনিকেতনের ভূমিকার কথা বর্ণনা করেন। শিশুদের সুষ্ঠু সংস্কৃতিচর্চার পথে শিল্পচর্চার প্রাসঙ্গিকতার বিষয়েও বক্তব্য রাখেন সঞ্জীববাবু।

রজতবাবু এই কর্মশালা শিলচরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে তাঁদের ছেলেমেয়েদের কাছে এক সুযোগ এনে দিয়েছে বলে জানান। সন্তোষ চন্দ আয়োজনের পেছেনে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষ্ঠার কথা উল্লেখ করেন। সোনালি দে কর্মশালা ও অনুষ্ঠানকে সফল করতে সবার প্রতি বিনম্রচিত্তে আহ্বান জানান। নৃত্যশিক্ষিকা গায়ত্রী দেব কর্মশালার পদ্ধতিগত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন। উল্লেখ্য, মূল কর্মশালা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তিনদিনের কর্মশালা শেষে রবিবার কর্মশালার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান ছাড়াও থাকছে সংস্থার নিজস্ব পরিবেশন নৃত্যানুষ্ঠান ‘নৃত্য আকৃতি’। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker