Barak UpdatesCulture
ঝুমুর পান্ডের ইংরেজি অনুবাদ গ্রন্থ উন্মোচিত

ওয়ে টু বরাক, ১০ ডিসেম্বর : ঝুমুর পান্ডের ইংরেজি অনুবাদ গ্রন্থ ‘ডিসিট ব্রট আস টু আসাম অ্যান্ড আদার স্টোরিস ফ্রম বরাকভ্যালি’ রবিবার ইটখলায় এক অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রপ্রস্থ মহিলা কলেজের অধ্যাপক তথা বইটির সম্পাদক দেবযানী সেনগুপ্ত।
অনুষ্ঠানে অধ্যাপক দেবযানী সেনগুপ্ত জানান, ২০১৫ সাল থেকে তিনি দেশভাগ নিয়ে বিভিন্ন গবেষণা করছেন। এভাবে তাঁর বরাক উপত্যকায় দেশভাগের প্রভাব নিয়ে কাজ করার আগ্রহ জন্মায়। ইতিহাসের গভীরে গিয়ে বরাকের জনজীবনের গল্পগুলি তুলে আনার প্রয়োজন অনুভব করেন তিনি। তাই লেখিকার অনুমতি নিয়ে ইংরেজি অনুবাদের কাজ শুরু করেন গল্পগুলির।
তিনি বলেন, দেশভাগ সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন ভাষা সংস্কৃতির সংমিশ্রণ চমৎকারভাবে উঠে এসেছে ঝুমুর পান্ডের এই গল্পগুলিতে। দেবযানী বলেন, তিনি অনুবাদ করার সময় মূল লেখাটিকে অক্ষুন্ন রেখে করেছেন, যাতে সাধারণ পাঠ্য অনুবাদের পাশাপাশি মূল রচনার স্বাদ পাঠকরা উপভোগ করতে পারেন।
অনুবাদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনায় অংশ নেন কল্লোল চৌধুরী, বিভূতিভূষণ গোস্বামী, অজয় রায়, সত্যজিৎ নাথ প্রমুখ। অনুষ্ঠানে বইটির অন্যতম অনুবাদক ঐশ্বর্যা ব্যানার্জি গুগল মিটের মাধ্যমে যুক্ত হয়ে ঝুমুর পান্ডের গল্প নিয়ে আলোচনা করেন। গুগল মিটে অনুভূতি ব্যক্ত করেন নির্মল কান্তি ভট্টাচার্য। তিনি বরাকের ভাষা সাহিত্যের সৃজনশীল লেখকদের রচনায় দেশভাগ সংক্রান্ত বিষয়বস্তু উল্লেখ করেন এবং ঝুমুর পান্ডের গল্পের গভীরতা প্রশংসা করে বইটির সার্থকতা তুলে ধরেন। বইটি প্রকাশিত হয়েছে দিল্লি নিয়োগী প্রকাশনা থেকে।
শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে লেখিকা ঝুমুর পান্ডে তাঁর গল্প নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মধুশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সুমা ভট্টাচার্য, সুপর্ণা ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, শৈলেন দাস, দোলনচাঁপা দাসপাল, প্রণব কান্তি দাস, রাজেশ শর্মা, রাহুল দেব, মিনু দাস, মৃদুলা ভট্টাচার্য।



