NE UpdatesAnalyticsBreaking News

গুয়াহাটিতে হচ্ছে উত্তরপূর্বের দ্বিতীয় আইআইএম, জানালেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১৪ আগস্ট : গুয়াহাটিতে একটি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটি হবে আইআইএম শিলং-এর পর উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় আইআইএম। সেইসঙ্গে দেশের নিরিখে গুয়াহাটি আইআইএম ২২তম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের এই অনুমোদনের খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্থায়ী ক্যাম্পাস কামরুপ জেলার পলাশবাড়িতে স্থাপন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটিতে আইআইটি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, এইমস রয়েছে এবং একটি ফরেন্সিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। এখন এখানে আইআইএম প্রতিষ্ঠা হলে সারা দেশের মধ্যে একটি অন্যতম শৈক্ষিক প্রাণকেন্দ্র হয়ে উঠবে গুয়াহাটি। তিনি আরও জানান, প্রাথমিক বছরগুলোতে আইআইএম আহমেদাবাদ মেন্টর প্রতিষ্ঠান হিসেবে এর সঙ্গে কাজ করবে।

হিমন্ত বলেন, চলতি বছর থেকেই গুয়াহাটি আই আইএমে ক্লাস শুরু করা যায় কি না, সে ব্যাপারে চেষ্টা করবে মেন্টর আইআইএম। তবে অসম সরকার এই ইনস্টিটিউট করার জন্য অস্থায়ীভাবে একটি ক্যাম্পাসের ব্যবস্থা করে দেবে। তিনি আরও জানান, এই ব্যবস্থার জন্য একটি বিল আনা প্রয়োজন। তিনি আশা করছেন কেন্দ্র সরকার আগামী ১৭ বা ১৮ আগস্ট এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করবে। আর সংসদে বিল অনুমোদন হওয়ার পরেই অসমে আইআইএম প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়ে যাবে।

শর্মা বলেন, এই প্রতিষ্ঠান আসামকে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদীয়মান কেন্দ্র হিসেবে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং এই অঞ্চলে বিশ্বমানের ম্যানেজমেন্ট প্রশিক্ষণের পথ সুগম করবে। তিনি আরও জানান, এই আইআইএম শুধু সারা দেশ থেকে ছাত্র-ছাত্রী আকৃষ্ট করবে না, বরং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা, গবেষণা ও শিল্প উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে, যা রাজ্যের অর্থনৈতিক ও পেশাগত পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। তিনি এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন তথা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker