NE UpdatesAnalyticsBreaking News
চাকরির নিয়োগপত্র কবে ? গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৬ নভেম্বর : রাজ্যের যুবক-যুবতীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। অসম সরকারের বিভিন্ন দফতরে নবনিযুক্ত যুবক-যুবতীরা গত কয়েকদিন ধরে নিয়োগপত্রের অপেক্ষায় ছিলেন। এখন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী শর্মা নিয়োগপত্র প্রদান সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণানুযায়ী, চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন দফতরে নিয়োগপত্র প্রদান করা হবে।
ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৯ তারিখে রাজ্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা পদে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে। এরপর নভেম্বর মাসের মধ্যেই অসম পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। ADRE-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুর কারণে প্রায় এক মাস কাজ প্রায় স্থগিত ছিল। তবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগপত্র প্রদান করার চেষ্টা করা হবে।
এছাড়াও, এই সময়ের মধ্যেই স্নাতকোত্তর ও স্নাতক শিক্ষকদের নিয়োগের ব্যবস্থাও করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। শিক্ষা দফতর ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই এই পদগুলির নিয়োগপত্র প্রদানের তারিখ ঘোষণা করা হবে বলেও তিনি জানান। এর পাশাপাশি, স্বাস্থ্য দফতরের নিয়োগও চলতি মাসেই প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। অন্যদিকে, রাজ্য সরকার চা-বাগানের যুবক-যুবতীদের জন্য চাকরিতে ৩ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত এইবার কার্যকর হবে বলে তিনি নিশ্চিত করেছেন। সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চা-বাগানের যুবক-যুবতীদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে পৃথকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, অসম পুলিশ কনস্টেবল নিয়োগের পরদিনই রাজ্য সরকার প্রায় ৪ হাজার নতুন পদ খোলার ঘোষণা করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ADRE-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কেও শীঘ্রই জানানো হবে। রাজ্যের যুবক-যুবতীদের কখনও আশাহত হতে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।



