Barak UpdatesAnalyticsBreaking News
শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ও এনএসডির আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে কণাদ

ওয়ে টু বরাক, ৩১ জুলাই : শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র আঞ্চলিক কেন্দ্র স্থাপনে উদ্যোগ নিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এ বিষয়ে বৃহস্পতিবার নতুনদিল্লিতে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে দেখা করেন তিনি। বরাক উপত্যকার কৃষ্টি সংস্কৃতির বিকাশে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং এনএসডি-র সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে কেন্দ্রীয় এই মন্ত্রীর সঙ্গে বিস্তৃত আলোচনা করেন সাংসদ কণাদ।
রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে শিলচরের শিশু উদ্যানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কণাদ পুরকায়স্থ অংশ নিলে শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র সেন্টার স্থাপনের দাবি উত্থাপিত হয়। সেই অনুষ্ঠানে সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, দিল্লি গিয়ে এই দাবি আদায়ে তদ্বির করবেন। এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর কাছে শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র রিজিওনাল সেন্টার স্থাপনের প্রস্তাব দেন তিনি।এ সম্পর্কে কেন্দ্রীয় এই মন্ত্রীকে একটি চিঠিও তুলে দেন সাংসদ।
এতে সাংসদ কণাদ উল্লেখ করেছেন, বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতের রাজধানী হচ্ছে শিলচর। সংস্কৃতির শহর নামে খ্যাত শিলচর সঙ্গীত, নাটক, নৃত্য, লোক সঙ্গীতে সমৃদ্ধ। যা বাঙালি সহ স্থানীয় আদিবাসী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এতদঞ্চলের সাংস্কৃতিক বিকাশে অভাব উন্নত পরিকাঠামো এবং প্রতিষ্ঠান।উদীয়মান সঙ্গীত, নাটক, নৃত্য শিল্পীর প্রতিতা বিকাশে নেই পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ সুবিধা। শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র রিজিওনাল সেন্টার স্থাপনেই সেই অভাব পূরণ হতে পারে। শুধু তাই নয় , এই উপত্যকার বৈচিত্র্যময় কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এতদঞ্চলের প্রতিভাবান শিল্পীরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পাবেন।
সাংসদ কণাদ আরও উল্লেখ করেন, শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র রিজিওনাল সেন্টার স্থাপনে সংস্কৃতির বিকাশে এই অঞ্চলের ঐক্য-সংহতিকে আরও মজবুত করবে। একইসঙ্গে উত্তর পূর্ব ভারতকে ক্রিয়েটিভ এবং এডুকেশনাল হাবে উন্নত করতে বড় ভূমিকা নেবে এধরণের জাতীয় স্তরের প্রতিষ্ঠান। সেজন্যে শিলচরে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা-র রিজিওনাল সেন্টার স্থাপনে কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান সাংসদ।
প্রসঙ্গত, শিলচরে সাংস্কৃতিক প্রতিভার অভাব নেই। এখানকার প্রতিভার আরও বিকাশে শিলচরে ন্যাশনাল সঙ্গীত নাটক অ্যাকাডেমির সেন্টার আবশ্যক, একজন শিল্পী হিসেবে সাংসদ হয়েই সেই উপলব্ধির কথা জানান কণাদ পুরকায়স্থ। আবৃত্তিকার এবং সঙ্গীত শিল্পী সাংসদ কণাদ পুরকায়স্থের এমন উদ্যোগে সন্তোষ ব্যক্ত করা হয় সাংস্কৃতিক মহলে।


